রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এই ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয় এবং একটি ব্যানার উদ্ধার করা হয়।

এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়।
জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড দিয়ে শুরু করে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।