Image description

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী ও পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন করেছেন পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেছেন তারা। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গত ৩০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনও করেছেন জেলা বিএনপির নেতারা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে একটি লিখিত অভিযোগপত্র সরবরাহ করা হয়। এতে খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতাদের পক্ষে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আবু ওবায়দা শেখ তুহিন, মাহমুদুন্নবী স্বপন, মোসাব্বির হোসেন সঞ্জু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম মুসা, সদস্য সচিব রেহানুল ইসলাম বুলালসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, বেশ কিছুদিন ধরে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পাবনার কয়েকজন ব্যবসায়ীকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও প্রচার করা হচ্ছে।

লিখিত বক্তব্যে বিএনপি নেতারা দাবি করেন, এসব ঘটনার কারণে জেলা বিএনপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়, এসব বিষয় নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ যখনই খালেদ হোসেন পরাগের সঙ্গে কথা বলতে কিংবা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছেন, তখন তিনি উত্তেজিত হয়ে নেতৃবৃন্দের সঙ্গে অসদাচরণ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ব্যক্তি বিশেষের কোনো কর্মকাণ্ডের কারণে দেশের জনগণের কাছে দল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক—এটি কখনোই কাম্য নয়। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সাংবাদিকদের কাছে সরবরাহ করা ওই লিখিত অভিযোগে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, মাহমুদুন্নবী স্বপন এবং মোসাব্বির হোসেন সঞ্জু স্বাক্ষর করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ সব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তোমার যা খুশি লেখো। ওরা কী বলেছে, না বলেছে তা নিয়ে আমার ভাবার সময় নেই। ওদের কথার দুই পয়সা দাম দিই না আমি। যা খুশি লেখো তোমরা।

এর আগে গত ২ আগস্ট পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সাংবাদিকদের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে পাবনায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়।