Image description

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় লাব্বাইক ট্রান্সপোর্টে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শ্রমিকদলের এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ‌লাব্বাইক ট্রান্সপোর্টের সুপারভাইজার মো. রিয়াজ মোর্শেদ।

গত ৩০ আগস্ট ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বরাবর এই লিখিত অভিযোগ দেয়া হয়। ভুক্তভোগী অভিযোগের অনুলিপি দিয়েছেন সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও।

অভিযুক্ত শ্রমিকদল নেতার নাম জসিম মোল্লা। তিনি নিজেকে সাভার পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা কমিটির প্রচার সম্পাদক দাবি করেন।

অভিযোগে ভুক্তভোগী বলেন, শ্রমিকদল নেতা পরিচয় জসিম উদ্দিন মোল্লা (৩৮), সাং- ব্যাংক কলোনী, সাভার, ঢাকাসহ তার সহযোগী অজ্ঞাত ৭/৮ জনসহ নেশাগ্রস্ত কয়েকজন প্রতিদিনই সরকার নির্ধারিত রোডভেকোলাইনে আমাদের চেকপোস্টে এসে উৎপাত সৃষ্টি করেন। কোম্পানীর লোকজনকে গালিগালাজ ও মারধর করে চেকপোস্ট থেকে সরিয়ে দেন। মাঝে মাঝে ড্রাইভার-স্টাফদের মারধরও করেন।

অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত স্থানে কোম্পানীর কোন গাড়ী বা কর্মচারী দাঁড়াতে পারবে না, এমনটি জানায় অভিযুক্তরা। এখানে দাঁড়ালে সব কোম্পানীর গাড়ি প্রতি ৫০ টাকা করে চাঁদা দিতে হবে। ইদানীং তারা নতুন কৌশলে টাকা আদায়ের চেষ্টা করছে।

সম্প্রতি, গত ১৮ আগস্ট পূর্বে থেকেই দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেট কার লাব্বাইক কোম্পানীর ঢাকা মেট্রো-ব-১৫-১০৩৯ বাসের সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা লাগিয়ে সাভারের পাকিজা এলাকার লাব্বাইক ট্রান্সপোর্টের বেশ কয়েকটি গাড়ী আটকে রাখে জসিমের লোকজন। পরে ১৯ আগস্ট সাভার মডেল থানায় বসে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা আদায় করেন অভিযুক্ত জসিম।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বৈধ ইজারা ছাড়া কেউ চাঁদা দাবি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা যেই দলেরই লোক হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, বিবাদী জসিম মোল্লা আওয়ামী সরকারে আমলে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিতেন। সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার ঘনিষ্ঠ অনুসারী ছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন তিনি ঘটলে বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা তৈরি করে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। নিজেকে সাভার পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলার কমিটির প্রচার সম্পাদক পরিচয় দিয়ে গড়ে তুলেছেন একটি চাঁদাবাজ ও অপরাধচক্র।