গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনদেরকে আমরাই তৈরী করেছি বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ হাসান।
তিনি বলেছেন, ‘জামায়াত-শিবির লোকবল দিয়ে, টাকা দিয়ে, ট্যাকনিকাল সাপোর্ট দিয়ে ন্যাশনাল ফিগার বানাইছে। যখন বাজারে বিক্রয় উপযোগি হয়েছে তখন স্বার্থের বিনিময়ে বেশ উচ্চমূল্যে নিজেদের মাথা বিকিয়ে দিয়েছেন। আর নুন খেয়ে নিমকহারামি করেছেন।’
আজ সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে মুজাহিদ হাসান লেখেন, “আজকের নুর, রাশেদকে আমরাই তৈরী করেছি। জামায়াত-শিবির লোকবল দিয়ে, টাকা দিয়ে, ট্যাকনিকাল সাপোর্ট দিয়ে ন্যাশনাল ফিগার বানাইছে। যখন বাজারে বিক্রয় উপযোগি হয়েছে তখন স্বার্থের বিনিময়ে বেশ উচ্চমূল্যে নিজেদের মাথা বিকিয়ে দিয়েছেন। আর নুন খেয়ে নিমকহারামি করেছেন। তার প্রতিদান পাচ্ছে আজকের জামায়াত-শিবির।”
তিনি বলেন, “আবারো একই ফরমুলায় সারাদেশে কিছু লোককে নুন খাওয়ানো হচ্ছে। সময়ের ব্যবধানে তারাও যে নিমকহারামি করবে এইটা শিউর থাকেন। জামুকা বিল তার উজ্জ্বল দৃষ্টান্ত। যেদিন জামায়াত-শিবিরকে গালিগালাজ শুরু করবে সেদিন হয়ত আমাদের লোকজনের হুশ ফিরবে। আর অতি আবেগীয় ভাই-ব্রাদারেরা ফেসবুকে মায়া কান্না করে ভাসায় ফেলবেন। তাদের হয়ে একসময় ফেসবুক যুদ্ধে মুহুর্মুহু পোস্ট, কমেন্ট আক্রমণের কথা মনে করে চোখ ছলছল করে উঠবে।”
সবশেষে রাবি শিবির সভাপতি বলেন, “রাবির ময়দানে নুর-রাশেদের মত বেইমান তৈরী করার ইতিহাস নাই। যারা নতুন করে এইরকম বেইমান তৈরী করার চেষ্টা করছেন। বাইশ শহীদের রক্তের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। দায়িত্বশীল হিসেবে আমরাও আপনাদের ক্ষমা করবো না।”