‘চরের ছেলে’ বলে সমালোচনা করা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এর জবাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেছেন, ‘কে কী বলল, তা নিয়ে তিনি ভাবেন না; বরং নিজের কাজের দিকেই মনোযোগ দেন। ইচ্ছাশক্তি, আগ্রহ ও আকাঙ্ক্ষা থাকলে মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে।’
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘আমার রাজনীতিতে আসাটা কোনো পরিকল্পনা করে হয়নি। আপনাদের মতো এখানেও অনেকে হয়তো আমার মতো নিম্নবিত্ত বা দুর্বল পরিবারের সন্তান। অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছেন। আমার জন্য এটা গর্বের যে, সমাজের একটি সুবিধাবঞ্চিত কমিউনিটি থেকে উঠে এসে আজ নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি।’
নিজের বাবার স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বাবা স্বপ্ন দেখতেন, আমি একজন বিসিএস ক্যাডার হবো। আমি এখন অনেক বিসিএস ক্যাডারকে পরিচালনা করি। নিশ্চয়ই এটা আমার জন্য ভালো লাগার বিষয়।’
সমালোচনার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘আমাকে নিয়ে কে কী বলল, চরের ছেলে কি না, সেটা নিয়ে আমি ভাবি না। আমি আমার কর্মের দিকে ফোকাস করি। ইচ্ছাশক্তি, আগ্রহ ও আকাঙ্ক্ষা থাকলে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে।’
অনুষ্ঠানে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে এবং জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত। এই বরাদ্দ রাষ্ট্রের কোনো খরচ নয়, এটি রাষ্ট্রের বিনিয়োগ।
একইসঙ্গে দেশের স্বাস্থ্য খাতকেও আরও সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তরুণ প্রজন্মের উদ্দেশে নুরুল হক নুর বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির উৎকর্ষের কারণে একজন সাধারণ শিক্ষার্থীও বিশ্বপরিসরে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও তথ্যপ্রযুক্তির উদাহরণ তুলে ধরে তিনি তরুণদের পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা যদি এই পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে না পারি, তাহলে আমরা পিছিয়ে থাকব।’
অনুষ্ঠানে বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।