সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘সাতক্ষীরার মানুষ অন্যায়ের কাছে মাথানত করতে জানে না। জামায়াতকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা মানুষের সেবা করার অঙ্গীকার করেছি।’
আজ সোমবার বিকালে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এমপি আব্দুল খালেক বললেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে সাতক্ষীরায় ৪৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী নিহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাই এ জেলার মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।
তিনি বলেছেন, জেলার কোথাও দুর্নীতি বা অনিয়ম হলে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি সংসদে সাতক্ষীরার উন্নয়নে রেললাইন স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, পৌরসভার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক অবকাঠামো উন্নয়নের দাবি তুলে ধরার কথাও জানান তিনি।
জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি দ্রুত ‘জুলাই সনদ’ কার্যকরের আহ্বান জানান।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মনা। এতে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ দলীয় নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া হয়।