Image description

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় নকল করতে গিয়ে চট্টগ্রামে এক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর গোপনে সেটির ছবি তুলে মোবাইল ফোনের একটি এআই অ্যাপে উত্তর খুঁজে এনে পরীক্ষার হলে বসেই লিখছিলেন তিনি। কেন্দ্র পরিদর্শকের নজরে বিষয়টি ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

 
 

সোমবার চট্টগ্রাম নগরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এক পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করে নকল করছিলেন। বিষয়টি ধরা পড়ার পর পরীক্ষা পরিচালনা বিধিমালা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

 

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চলতি এইচএসসি পরীক্ষায় পরীক্ষার হলে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নকল বা অনিয়মের বিরুদ্ধে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।