Image description

আমরা নেতারা ভোট, গম ও টিন চুরি করি কিন্তু ভোটারদের মধ্যে একটা বড় অংশ আছে তারা ভোটটা চুরি করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

আজ শনিবার বিকালে এনসিপির নড়াইল জেলা শাখার আয়োজনে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নড়াইলের মুক্তমঞ্চে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, ‘আমরা আমাদের অধিকার বুঝে নেওয়ার পাশাপাশি কর্তব্যটাও যখন যথাযথভাবে পালন করব, তখন আর সমস্যা থাকবে না। আমরা নেতারা ভোট চুরি, গম চুরি, টিন চুরি, ঘুষ খাই, সবই চুরি করি। কিন্তু ভোটারদের মধ্যে একটা বড় অংশ আছে, যারা ভোটের আগের দিন রাতে ভোটটা চুরি করেন। ভোটের আগের দিন রাতে জেগে থাকেন ভোর চার-পাঁচটা পর্যন্ত। প্রার্থীদের থেকে ঘরের মধ্যে যদি রাতের বেলা টোকা দেয়, ভেতর থেকে বলে আমরা ১০ জন। এইটার পরিবর্তন হতে হবে। আমাদের কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। যাতে করে তরুণ নেতৃত্ব উঠে আসতে পারে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে উঠতে পারে।’

তিনি বলছিলেন, এজন্য এনসিপির ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কমিটিগুলোর বিস্তৃতি ঘটাতে হবে।

পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বললেন, ‘সরকারের মুখোশে বিএনপির সাইনবোর্ড এবং ভেতরে তার মনটা আওয়ামী লীগের মতো। সর্বশেষ কথা, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান। দুইজনকেই বাংলাদেশের দলমত-নির্বিশেষে সব মানুষ পছন্দ করেন, ভালোবাসেন। তারা দুইজনই দুটি গণভোট বাস্তবায়ন করেছিলেন। কিন্তু আজকে আপনি আপনার চারপাশে যে সমস্ত তাবেদার দিল্লির গোলামদের পাশে রেখেছেন, তাদের পরামর্শে আজ গণভোট বাস্তবায়ন হচ্ছে না।’

সরওয়ার তুষার আরও বললেন, ‘এই নড়াইলের মানুষ একজনকে নড়াইল এক্সপ্রেস বানিয়েছিল। আপনাদের ভালোবাসায়, সমর্থনে নড়াইল এক্সপ্রেস হয়েছিল, বাংলাদেশের মানুষের সমর্থন পেয়েছিল। শেষ পর্যন্ত ভোট চুরির সঙ্গে, অবৈধ সরকারের সঙ্গে হাত মিলিয়ে নড়াইলবাসীর সঙ্গে প্রতারণা করেছিল। এ রকম কোনো প্রতারক, কোনো মাশরাফি, কোনো সাকিব আর যদি কোনো রাজনৈতিক দলের তাবেদার হয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদেরও একই পরিণতি হবে। এটা যেন তারা ভুলে না যায়।’

এনসিপির জেলা আহ্বায়ক কৃষিবিদ মুন্সি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদীর সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং জেলা কমিটির সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমিসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুজ্জামান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহজাহান খান সাজু, এনসিপি নেতা নাজমুল হাসান উজ্জ্বল, শফিকুল ইসলামসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।