Image description

ফেনীর ছাগলনানিয়ায় বালু ব্যবসার পাওনা টাকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় এক বিএনপি নেতাসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ছাগলনাইয়া আদালত মাঠসংলগ্ন শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু), তার গাড়িচালক আদনান, সমর্থক হুমায়ুন, সোহেল ও ইমন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা নিয়ে ঘোপাল ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী ও উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মজুমদারের বিরোধ চলছে।

আহত রিয়াজ উদ্দিন জানান, বালু ব্যবসার লভ্যাংশ বাবদ আলমগীর সিদ্দিকীর কাছে তার ১৪ থেকে ১৫ লাখ টাকা পাওনা রয়েছে। জয়নাল ও ইসমাইল নামের দুজন বিষয়টি মীমাংসার কথা বলে তাকে আদালত মাঠ এলাকায় ডাকেন। তিনি পৌঁছামাত্র আলমগীর সিদ্দিকীর নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় গুলির স্প্লিন্টারে তার পা জখম হয়। তাকে বাঁচাতে এলে তার চালকসহ সমর্থকেরা আহত হন। হামলাকারীরা শুভপুর সড়ক দিয়ে পালিয়ে যায়।

অভিযুক্ত বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, আহত রিয়াজ উদ্দিন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।