মেয়াদের আট মাস বাকি। তবুও সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সরিয়ে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সাবিনা সিদ্দিকা রিতাকে। তিনি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এর আগে বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে নতুন গভর্নিং বডির সভাপতির তথ্য জানানো হয়।
জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পান। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৪ এপ্রিল। কিন্তু আট মাস বাকি থাকতেই তাকে সরিয়ে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।
ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জানান, কোনো ধরনের আলোচনা বা অভিযোগ ছাড়াই হঠাৎ করে আমাকে পরিবর্তন করা হয়েছে। এখনো আরও আট মাস মেয়াদ রয়েছে। কি কারণে পরিবর্তন করা হয়েছে তা অজানা।
তিনি যোগ করেন, গভর্নিং বডির আরেক সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তবে অন্য কাউকে দায়িত্ব দিলে হয়তো প্রশ্ন উঠত না। কিন্তু একজন সংসদ সদস্যের স্ত্রীকে দায়িত্ব দেওয়ায় বিষয়টি আলোচনা এসেছে। তার অভিযোগ, এটি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের উদাহরণ।
অন্যদিকে এ বিষয়ে জানতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
যদিও তার স্ত্রী ও নতুন সভাপতি সাবিনা সিদ্দিকা রিতা জানালেন, ‘কলেজের পক্ষ থেকে নারী নেতৃত্ব চাওয়া হয়েছিল। সে কারণেই আমি আবেদন করেছি। এখানে শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা হয়েছে। আমার মাস্টার্স ডিগ্রি রয়েছে। যোগ্যতা না থাকলে আমাকে এই পদের জন্য বিবেচনা করা হত না।’