Image description

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়ার ঘটনায় বগুড়া মহানগর বিএনপির নেতা ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতির কথা জানানো হয়।

বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত ফারুক হোসেন জেলা বিএনপির নির্বাহী সদস্য, মহানগর বিএনপির তথ্য সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় সূত্র জানায়, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন (১৮) বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন তিনি। দুপুরে বগুড়া মহানগরীর সাতমাথা এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

পরে পরিস্থিতি শান্ত করতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীনসহ কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

এর কয়েক ঘণ্টার মধ্যেই ফারুক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় মহানগর বিএনপি। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ফারুক হোসেন। তার দাবি, কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই শুধু ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন।

ফারুক হোসেন বলেন, গত ২২ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি হামলা-মামলার শিকার হয়েছেন এবং জুলাই আন্দোলনের সময়ও তার বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা দেওয়া হয়েছে। এরপরও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তিনি দাবি করেন, তার ছেলে সিফাত হোসেন ছাত্রশিবিরকে সমর্থন করে। ছেলের আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অনেক বিএনপি নেতার পরিবারের সদস্যরা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

ফারুক হোসেন আরও বলেন, আগামী বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হতে চান। এ কারণে প্রতিপক্ষরা তাকে সরানোর চেষ্টা করছে।

এ বিষয়ে বগুড়া মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আশিক আশরাফ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে যাওয়ার অভিযোগে ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই ফারুক হোসেনকে মহানগর ও জেলা বিএনপির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শীর্ষনিউজ