Image description

শিক্ষকদের দলীয় রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা, গবেষণা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করতে হলে দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে।

 

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

 

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তারা চান দেশের ক্যাম্পাসগুলো মার্কেটপ্লেস অব ভ্যালুস হোক, যেখানে সবাই নিজ নিজ আইডিওলজি তুলে ধরতে পারবে। তিনি বলেন, ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে গণরুম বা গেস্টরুম কালচার কোনোভাবেই কাম্য নয়। প্রতিটি শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং মেধার ভিত্তিতে সিট বণ্টন থেকে শুরু করে সব প্রশাসনিক কাজ পরিচালনা করতে হবে।

 

ছাত্রশিবির সভাপতি বলেন, চাপ প্রয়োগ করে বা ভয় দেখিয়ে কাউকে কোনো বিশেষ রাজনৈতিক আদর্শে দীক্ষিত করা উচিত নয়। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী কোনো সংগঠনে যুক্ত হবে অথবা নিরপেক্ষ থাকবে, এটি তাদের ব্যক্তিগত অধিকার। ক্যাম্পাসে ভায়োলেন্স বন্ধ করে গবেষণার পরিবেশ তৈরি করতে হবে।

 

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষকদের নগ্ন দলীয় রাজনীতি এবং কর্মকর্তা কর্মচারীদের দলাদলি শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। ভিসি বা উচ্চপদস্থ নিয়োগের ক্ষেত্রে দলীয় আনুগত্যের পরিবর্তে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। ছাত্র সংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করার যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে, তারও অবসান ঘটাতে হবে।

 

তিনি আরও বলেন, ছাত্রশিবির সবসময় পড়াশোনার ওপর গুরুত্ব দেয়। প্রতিটি কর্মীকে আগে একজন ভালো ছাত্র হতে হয়, তারপর আদর্শিক মানুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে সামনে দাঁড়ানোই শিবিরের রাজনীতির মূল বৈশিষ্ট্য। আগামীর বাংলাদেশ গড়তে মেধাবী ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের কোনো বিকল্প নেই।