Image description

দলের স্থা্য়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল সোমবার ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেছেন, ‘মরহুম ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সোমবার সারা দেশব্যাপি শোক দিবস পালন করা হবে। এই উপলক্ষে ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়সমূহে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন।’

রিজভী জানিয়েছেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৫টায় জানাজা হবে।

প্রয়াত নেতা জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে রুহুল কবির রিজভী বলেছেন, ’তিনি আমাদের মাঝে আর নেই। তিনি আমাদের থেকে বহু দূরে চলে গেছেন। ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে এ দেশের প্রতিটা অধিকারের আন্দোলন, স্বাধীনের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন প্রতিটা আন্দোলনে তার অনন্য ভূমিকা এই জাতির কাছে কোনদিনই বিস্মৃত হবে না। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে দেশ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে, দেশ হারালো একজন অভিভাবককে।’

এর আগে, রবিবার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির ‍উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর।

এ সময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

তিনি বলেছেন, ‘চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুর রহমান জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।