নোয়াখালী সদর উপজেলায় চাঁদা আদায়ে বাধা দেওয়ায় এক বিএনপি নেতার বাড়িতে রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
রোববার গভীর রাতে নোয়ান্নই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির দরজায় সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি মহিন উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকজন ব্যক্তি মহিন উদ্দিনের পাশের বাড়ির আরিফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। মহিন উদ্দিন এর তীব্র প্রতিবাদ ও বাধা দেন। এর জেরে অভিযুক্তরা প্রথমে মহিন উদ্দিনের সন্তানকে অপহরণ করে। পরবর্তী সময় পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও হুমকি বন্ধ হয়নি।
এরই ধারাবাহিকতায় রাতে স্থানীয় আরজু, বিপ্লব ও আসিফের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল মহিন উদ্দিনের বাড়িতে হানা দেয়। তারা পুরো বাড়ি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়।
মহিন উদ্দিনের স্ত্রী আসমা বেগম অভিযোগ করেন, সন্ত্রাসীরা ঘরে ঢুকে চালের ড্রাম ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
মহিন উদ্দিন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করছে। আরজু, বিপ্লব ও আসিফসহ কয়েকজন হামলা চালিয়ে এখনো হুমকি দিচ্ছে। যেকোনো মুহূর্তে আবার হামলা হতে পারে। তিনি প্রশাসনের কাছে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী পরিবার জানায়, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।