বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সরাসরি জড়িত ছিলেন বলে দাবি উঠেছে ট্রাইব্যুনালে। দাবিটি করেছেন তার সাবেক রানার ও ওয়ারেন্ট অফিসের সদস্য ইমরুল কায়েস।
আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে এ দাবি করেন তিনি। তার সাক্ষ্য রেকর্ড করেছে ট্রাইব্যুনাল।
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন ইমরুল কায়েস।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ইলিয়াস আলী গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে।
জবানবন্দিতে ইমরুল কায়েস এখন পর্যন্ত সাতটি ঘটনার বর্ণনা দিয়েছেন। এসব ঘটনায় মোট ৩০ জনকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে।