Image description

জাতীয় নাগরিক পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে ছয়জন নতুন সদস্যকে। এর মধ্যে রয়েছেন সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে দলটির রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে দলের দপ্তর শাখার সদস্য সাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ছয় নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক পর্ষদে।

নতুন সদস্যদের মধ্যে নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু ছাড়াও রয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন এবং সালেহ উদ্দিন সিফাত।

বর্তমানে রাজনৈতিক পর্ষদের অন্য সদস্যরা হলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এবং সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ ও আবদুল্লাহ আল আমিন।