প্রস্তাবিত জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নৈতিকভাবে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তার ভাষ্য, এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করার শামিল। এটা বড় ধরণের বৈষম্য।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত জাতীয় বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করে ড. ফাহমিদা খাতুন উল্লেখ করেন, নৈতিকতার অবক্ষয় ও সৎ করদাতাদের প্রতি অন্যায়। অন্যায্য বা অপ্রদর্শিত উপায়ে অর্জিত অর্থ নামমাত্র কর দিয়ে বৈধ করার নিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ফাহমিদা বলেছেন, সাধারণ নাগরিকরা যেখানে কষ্টের উপার্জনে উচ্চ হারে কর দেন, সেখানে কালো টাকার মালিকদের বিশেষ ছাড় দেওয়া এক ধরনের মারাত্মক অর্থনৈতিক বৈষম্য তৈরি করে।
তিনি জানান, এই নীতি সৎ ও নিয়মিত করদাতাদের কর প্রদানে নিরুৎসাহিত করে, যা দেশের দীর্ঘমেয়াদি কর সংস্কৃতির জন্য ক্ষতিকর।