Image description

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৯ জুন) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ তোলা হয়।

এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এনসিপির ৫ দফা দাবিতে বলা হয়েছে, তারা (প্রশাসকরা) চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। অথচ তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন।

আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানোর মতো অব্যবস্থাপনায় প্রমাণ হয় তারা মেয়র হওয়ার যোগ্য নন বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে, যা স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা। কারণ, আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ আছে।

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ জানান, জোটগতভাবে নির্বাচনে যাবে কিনা তা তফসিলের পর দলগুলোর সঙ্গে বসে চূড়ান্ত করা হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ডিএনসিসি মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, ঢাকায় বিএনপির দুই প্রশাসক কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ ও নাগরিক ভোগান্তি কমাতে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে সিটি করপোরেশনের অর্থ, লোগো, জনবল ব্যবহার করে নিজেদের মেয়রপ্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। ফলে নৈতিকভাবে তারা কোনোভাবেই দায়িত্বে থাকতে পারেন না।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব আবু বকর ও সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান।