হবিগঞ্জের আজমিরীগঞ্জে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে বিএনপি কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনার পর এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ৩টার দিকে দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কাকাইলছেও বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
আটক যুবলীগ কর্মীর নাম পাবেল মিয়া ওরফে পিচ্চি পাবেল (৩০)। তিনি কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে সৌলরী বাজার এলাকায় মোটরসাইকেলে কয়েকজন বন্ধুকে নিয়ে ঘোরার সময় পাবেল জয় বাংলা স্লোগান দেন। বিষয়টি স্থানীয় কয়েকজন বিএনপি কর্মীর নজরে এলে তারা আপত্তি জানান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন দুপক্ষকে সরিয়ে দেন। পরে পাবেল কাকাইলছেও বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে চলে যান।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার দোকানের সামনে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাবেলকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন জানিয়েছেন, তাকে আটকের পর আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।