ফতুল্লায় এক গার্মেন্টস ঠিকাদারকে বাসা থেকে ডেকে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিচার চেয়ে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। অভিযুক্ত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহীনের শাস্তি দাবি জানান তারা।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা লিংক রোডের পশ্চিম লামাপাড়া এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গ্রেফতার হওয়া ঠিকাদার পলাশ হোসেন আকাশের স্ত্রী হালিমা আক্তার বৃষ্টি অভিযোগ করে বলেন, গত ১০ মে রাতে এসকে শাহীন ফোন করে তার সহযোগী বশিরের মাধ্যমে পলাশকে অফিসে ডেকে নেন। সেখানে নিয়ে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। পরে তার হাতে অস্ত্র ধরিয়ে র্যাবের কাছে সোপর্দ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
হালিমা আক্তার বৃষ্টি আরও বলেন, আমার স্বামীর হাতঘড়ি ও মোটরসাইকেলের চাবিসহ ব্যক্তিগত জিনিসপত্র শাহীন ফেরত দিয়েছেন। যদি তিনি এ ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে এসব জিনিস তার কাছে গেল কিভাবে? আর যদি সত্যিই আমার স্বামীর কাছে অস্ত্র থাকত, তাহলে শাহীনের অফিসের সিসিটিভি ফুটেজে সেটির প্রমাণ থাকার কথা।
অবরোধ চলাকালে শ্রমিকরা পলাশের মুক্তি এবং এস কে শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।