Image description

ফেনীতে কথা-কাটাকাটির জেরে মো. আবতাহি হোসেন তাহি নামে কলেজ ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বগইড় বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় খুরশিদ নামে একজনকে আটক করা হয়েছে।

আহত ছাত্রদল নেতা আবতাহি হোসেন তাহি মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি ফেনী সদর উপজেলার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। এ ছাড়া ঘটনায় মো. জাবেদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। তিনি পাঁছগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগইড় এলাকার খুরশিদ ও মারুফ নামের দুই ব্যক্তির সঙ্গে মাদক ও মাটি ব্যবসা বন্ধ করা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাহিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় জাবেদও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তাহির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আর আহত জাবেদ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, পাঁছগাছিয়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আমাদের কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসেন তাহি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, স্থানীয় দুই যুবকের সঙ্গে মাটি ও মাদক ব্যবসা নিয়ে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। আমরা জেলা ছাত্রদল এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত খুরশিদকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।