জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনটির ৯ জন উপদেষ্টাসহ ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রাজ্জাককে সভাপতি এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক অধ্যাপক মো. নুরুন্নবীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সাধারণ সভায় উপস্থিত শিক্ষকরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, জাতীয় শিক্ষানীতি বিষয়ে মতামত তুলে ধরা এবং শিক্ষক সমাজের অধিকার ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে শিক্ষকদের স্বার্থ রক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জাতীয় পর্যায়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।