সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ ভোলায় একটি মাজারকে কেন্দ্র করে শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
যাচাই এ দেখা যায়, এমন দাবি সত্য নয়। ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চে মূলধারার একাধিক সংবাদমাধ্যমে পুরোনো ভিডিওটি পাওয়া যায়।
চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে ২৩ মার্চ, ২০২৫ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, সাকুচিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন।
এই ঘটনায় যুগান্তরের এক প্রতিবেদনে দাবি করা হয়, “ভোলার মনপুরায় দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদের স্পেশাল ভিজিএফের চাল বিতরণকে কেন্দ করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাদের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারের এ সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছে। “
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের নয় এবং মাজারকে কেন্দ্র করে শিয়া-সুন্নিদের মধ্যে সংঘর্ষের দাবিও সঠিক নয়। পুরোনো একটি রাজনৈতিক ঘটনার ভিডিওকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।