Image description

আমরা যখন ছোট ছিলাম, মাঝেমধ্যে পাবলিক ফাংশন হতো। এখন যেমন কনসার্ট হয়, তখন হতো পাবলিক ফাংশন। তখন আমাদের বিনোদন মানেই ছিল রেডিও-টেলিভিশন। একটা নির্দিষ্ট সময়ে টিভিতে আমরা কার্টুন, নাটক, বিদেশি সিরিজ যেমন- সিন্দবাদ, রবিনহুড, টিপু সুলতান দেখতাম। শুক্রবারে মাঝেমধ্যে সিনেমা দেখা হতো। সিনেমা হলে বড়রা যেতেন। আমরা খুবই কম সে সুযোগ পেতাম।

আর ছিল এসব পাবলিক ফাংশন। সেখানে কখনো নায়ক-নায়িকা, তবে বেশিরভাগ সময় গায়ক-গায়িকাদের নিয়ে আসা হতো। সেই ৯০ এর দশকে মানুষের ব্যাপক আগ্রহ ছিল দেশি- বিদেশি নায়ক-নায়িকা গায়ক-গায়িকার বিষয়ে। কারণ তখন তাদেরকে মনে করা হতো স্নপ্নের মানুষ হিসেবে। যাদের একনজর দেখলেই যেন জীবন ধন্য হয়ে যেতো!

এরপর পার হয়েছে বহু বছর। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় বা বলা চলে অবিশ্বাস্য উন্নতি হয়েছে। তখন মানুষের ঘরে ঘরে টেলিভিশন ছিল না, আর এখন মানুষের হাতে হাতে বিনোদন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারকাদের ব্যক্তিগত জীবনও এখন আর মানুষের কাছে খুব একটা অজানা নয়। পর্দার স্বপ্নের মানুষগুলো যে আমাদের মতোই সাধারণ, সেটি জানার জন্য এখন আর খুব বেশি অপেক্ষা করতে হয় না।

এই তো আমিও ঢাকায় আসার পর, নাটক-সিনেমার চরিত্রগুলোকে মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখলে থমকে যেতাম। কৌতূহল নিয়ে তাকিয়ে থাকতাম। সেটাও কত বছর আগের কথা! আর এখনকার অনেক শিল্পীকে তো চিনতেই পারি না।

কিন্তু কথা হচ্ছে, বিশ্ব যতই এগিয়ে যাক না কেন, এত বছর পরও একটা বিষয়ে আমাদের খুব একটা পরিবর্তন হয়েছে বলের মনে হয় না। সেটা হলো— তারকাদের ঘিরে আমাদের অস্বাভাবিক কৌতূহল, ভিড় করার প্রবণতা এবং ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার মানসিকতা।

 

না হলে পরিমণির মতো একজন অভিনেত্রীকে আদালতে যেতে এতগুলো বডিগার্ড সঙ্গে নিতে হবে কেন? তিনি যাবেন আদালতে। তার আশপাশে হাজারো মানুষের ভিড় জমবে কেন? অর্ধশত সাংবাদিককেই বা তাঁকে ঘিরে হুমড়ি খেয়ে পড়তে হবে কেন?

পরীমণির আচরণ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সে আলোচনায় পরে আসছি। আমিও সে আলোচনায় যেতে চাই। তবে তার আগে একটি প্রশ্ন করতে চাই—পরীমণির আদালতে উপস্থিত হয়ে জামিনলাভের খবরটি কি সত্যিই বিনোদনের সেরা খবর?

আমাদের সংবাদমাধ্যমের দিকে তাকালে মনে হয়, এখনও তারকাদের ব্যক্তিগত জীবন, আদালতে যাওয়া-আসা, পোশাক, সম্পর্ক, বিচ্ছেদ কিংবা সামান্য বাক্যবিনিময়ও অনেক বড় খবর। অথচ প্রতিদিন দেশে কত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে। এটা সত্য, সংবাদমাধ্যমের একটি বাণিজ্যিক বাস্তবতা আছে। যে খবর মানুষ বেশি দেখে, ক্লিক করে, শেয়ার করে, সেই খবরের প্রতি তাদের আগ্রহ বেশি। কিন্তু দর্শকের আগ্রহ আর সংবাদের গুরুত্ব তো এক বিষয় নয়। সব জনপ্রিয় খবর গুরুত্বপূর্ণ নয়, আবার সব গুরুত্বপূর্ণ খবর জনপ্রিয়ও হয় না।

এখানে দর্শক হিসেবেও আমাদের দায় আছে। আমরা কী দেখতে চাই, কী নিয়ে আলোচনা করতে চাই, কোন বিষয়কে ভাইরাল করতে চাই— সেটিও সংবাদমাধ্যমের অগ্রাধিকার নির্ধারণে ভূমিকা রাখে। এবার আসি পরীমণির প্রসঙ্গে।

প্রথম কথা, এই ভিড় কি অভিনেত্রীকে দেখার জন্য, নাকি তাকে স্পর্শ করার জন্য। নাকি তার সাথে ছবি বা ভিডিও তোলার জন্য। অভিনেত্রীর প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে ভিড়ের সুযোগে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে ম্পর্শ করার বাসনা জাগতো না।

পরিমণির নিশ্চয়ই এই অভিজ্ঞতা আগেও হয়েছে। আর সে কারণেই হয়তো তিনি নিজেকে সুরক্ষিত রাখতে চেয়েছেন। আর কোনও নারীকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা হলে, তার কেমন লাগে— তা একমাত্র নারীই জানেন। তখন প্রতিবাদ করার অধিকারও তার আছে। পরিমণির ভাষাটা খারাপ। কিন্তু প্রতিবাদ করাটা সঠিক।

অবশ্য তিনি যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, সেই অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষের। অভিযোগ উঠলেই কাউকে অপরাধী বলা যায় না, আবার প্রমাণের অপেক্ষায় অভিযোগকারীকেও হেয় করা যায় না।

প্রকাশিত ভিডিওতে সাংবাদিকের সঙ্গে পরীমণির উত্তপ্ত আচরণ, গালিগালাজ এবং হাত ধরে টানাটানির দৃশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তার নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়েও অভিযোগ রয়েছে। একজন তারকা হিসেবে তার  নিজের আচরণ এবং সঙ্গে থাকা লোকজনের আচরণের বিষয়ে আরও সচেতন থাকা কি উচিত ছিল না?

প্রতিবাদ করতে গিয়ে অন্যের মর্যাদা ক্ষুণ্ন করা যায় না। নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের অধিকার কেড়েও নেওয়া যায় না।

আমরা কি এমন একটি সমাজ চাই,যেখানে পরিচিত মুখ দেখলেই মানুষ তার ওপর ঝাঁপিয়ে পড়বে? সাংবাদিকরা খবর সংগ্রহের নামে ব্যক্তিগত সীমা লঙ্ঘন করবেন? আবার তারকারা নিজেদের জনপ্রিয়তা কিংবা নিরাপত্তার অজুহাতে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন?

প্রযুক্তি আমাদের হাতে পৃথিবী এনে দিয়েছে। কিন্তু আমরা সেই পৃথিবী থেকে কী বেছে নিচ্ছি? জ্ঞান, চিন্তা, সম্ভাবনা নাকি অন্যের জীবনের নাটক?

আমার মনে হয়, আমাদের বিনোদনবোধের পাশাপাশি সংবাদবোধেরও পরিবর্তন দরকার। তারকাদের রক্ত-মাংসের মানুষ হিসেবে দেখতে শেখা দরকার। তাদেরও মনে রাখা দরকার, জনপ্রিয়তা বিশেষ কোনো অধিকার নয়; বরং বাড়তি দায়িত্ব।

প্রশ্ন হলো,আমরা কি সত্যিই আধুনিক হয়েছি, নাকি শুধু আধুনিক যন্ত্র হাতে পুরোনো মানসিকতাকেই বহন করে চলেছি?

লেখক: সাইকোলজিস্ট