সিরাজগঞ্জে জামায়াতের এক নেতার কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের সদস্যরা। সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়ার মারার ওষুধ কারখানায় এ অভিযান চালানো হয়।
ওই কারখানার মালিক নজরুল ইসলাম। তিনি সদর উপজেলার কাওয়াকোলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও এই ইউনিয়ন জামায়াতের আমির।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হতো। অথচ প্রস্তুতকারীর জায়গায় নজরুল ইসলামের কম্পানির নাম লেখা ছিল। এ ছাড়াও নিমের মাজনে নিম ব্যবহার করতেন না। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করতেন।
অভিযানকালে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।