Image description

শুধু ২০৩১ সাল নয়, ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও এমপি জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এ কথা জানান তিনি। জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম এর আয়োজন করে।

এখন জোর গলায় বক্তব্য দেওয়ার সময় নয় জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, জনগণের কাছে যে ওয়াদা করেছি, ইশতেহার আমরা দিয়েছি, সেই ইশতেহার এবং ওয়াদা রক্ষা করতে হবে। এই সরকারের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, সবচেয়ে যোগ্য ব্যক্তিদের দিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহমান। নতুন সরকারের অধীনে এজলাসে লাথি মারা হবে না, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হবে না। জনগণের ভিন্নমতকে হয়রানি করা হবে না।

বিএনপি চেয়ারম্যানের এ উপদেষ্টা বলেন, ফ্যামিলি কার্ড এর মধ্যেই শুরু হয়ে গেছে। খুব দ্রুতই কৃষি কার্ড শুরু হয়ে যাবে। এক কোটি গাছ লাগানো হবে। এখন আমরা প্রমাণ করে দেব যে, শহীদ জিয়া ও খালেদা জিয়ার লিগ্যাসি বহন করে মানুষের জন্য একমাত্র তারেক রহমান কাজ করতে পারবে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ও অ্যাডভোকেট রফিক সিকদার প্রমুখ।