জাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন ধর্মমন্ত্রী ও জাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৈঠকের পর শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনা আরো কার্যকর ও সুশৃঙ্খল করতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ ও স্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
এর আগে গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, কার্যকর জাকাত ব্যবস্থাপনা আগামী ১০-১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।