উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগ উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে। পরে ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষক মো. রঞ্জু মিয়া (৫৫) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীটি চার মাস আগে ওই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকেই অধ্যক্ষ পরিবারের খোঁজ-খবর নেওয়ার অজুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কালের কণ্ঠকে জানান, ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।