Image description

রমজান ও ঈদকে সামনে রেখে রাজধানীর পাইকারি বাজারগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

 

তিনি বলেন, বাজার সিন্ডিকেটের মাধ্যমে ভোগ্যপণ্যের দাম কারসাজি করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হলে তা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে থাকবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মৌলভীবাজার পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি জানান, আসন্ন রোজা ও ঈদকে কেন্দ্র করে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। অতীতে অবৈধ মজুতদারি ও সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে ফেলা হয়েছিল– এমন পরিস্থিতি যেন আর না ঘটে, সে লক্ষ্যেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ইশরাক হোসেন বলেন, দেশের অধিকাংশ আমদানিনির্ভর ভোগ্যপণ্যের বাজার বড় কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে, যাদের ‘মাফিয়া সিন্ডিকেট’ হিসেবে উল্লেখ করা হয়। এই সিন্ডিকেটগুলো এখনো সক্রিয় আছে। তিনি স্পষ্ট করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং কোনো চক্র যেন জনগণের ক্ষতি করতে না পারে, সেটি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ইতিমধ্যে কয়েকটি বাজার পরিদর্শন করা হয়েছে এবং নিয়মিত এই পর্যবেক্ষণ ও অভিযান অব্যাহত থাকবে।

ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বাজার নিয়ন্ত্রণের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বাজারে অভিযান পরিচালনার সময় বাজার কমিটির বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যা পরবর্তীকালে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তর যেকোনো সময় অভিযান পরিচালনা করতে পারে এবং ব্যবসায়ী সমিতিও এ বিষয়টি জানে।

 

ইশরাক হোসেন আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে কাজ করে যাব।’