Image description
 

বেসরকারি খাতের সহায়তা নিলে জনসাধারণের স্বাস্থ্যসেবা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদ্য বিদায়ি স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিজের বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাইদুর রহমান বলেন, জনসাধারণের স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে বেসরকারি খাতের সহযোগিতা নিলে সেবা প্রদান ফলপ্রসূ হবে। চক্ষু অপারেশন, হৃদরোগের চিকিৎসাসহ বিভিন্ন সাধারণ ও জটিল চিকিৎসায় এনজিওরা সহযোগিতা করছে। এ সহযোগিতা আরো বেশি করে নেওয়া যেতে পারে যেহেতু সরকারের সম্পদ ও জনবলের সংকট রয়েছে।

 

বিদায়ি স্বাস্থ্য সচিব সাইদুর রহমান মন্ত্রণালয়ে দায়িত্বপালনকালে সহযোগিতার জন্য সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা বাড়াতে কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 
 

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 

বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রায় সাড়ে ৩৪ বছর চাকরি শেষে সম্প্রতি স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে পেশাগত জীবনের সমাপ্তি টেনেছেন।

বিদায় অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, খুব কম সময়ের জন্য স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সাথে কাজ করার সুযোগে দেখেছি, তিনি একজন স্মার্ট, ধীর ও কর্মক্ষম কর্মকর্তা। চাকরি থেকে অবসর নিলেও তার কাছ থেকে সমাজ অব্যাহতভাবে সেবা পাবে বলে বিশ্বাস করি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বিদায়ি স্বাস্থ্য সচিব চাকরিতে যেমন দক্ষতা দেখিয়েছেন, তেমনি বৃদ্ধদের নিয়ে তিনি যে চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তা প্রশংসনীয়। স্বাস্থ্য খাতে তার অভিজ্ঞতা বিভিন্নভাবে জনসাধারণের কাজে লাগবে বলে আশা করি।

কালবেলা