Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তার স্ত্রী হোসেন আরা তৎকালীন চিফ প্রসিকিউটার তাজুল ইসলামের কাছে গত ১৮ নভেম্বর এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এছাড়া সুলতান মাহমুদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এক প্রহরীকে গানম্যান নিয়ে মারধরের অভিযোগ মিলেছে।

 

প্রসিকিউটর সুলতান মাহমুদের স্ত্রী ট্রাইব্যুনালে করা অভিযোগে জানান, গত বছরের ২৮ অক্টোবর রাতে রাজধানীর আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে প্রসিকিউটর সুলতান মাহমুদ আমার গলা চেপে ধরে এবং পেটে-মুখে লাথি মেরে আমাকে মারাত্মক আহত করে। যার ফলে আমার একটি দাঁত পড়ে যায়। এক পর্যায়ে আমার বাচ্চার চিৎকারে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে। এভাবে সে প্রায়ই আমার ওপর নির্যাতন চালায়। এ ধরনের নির্যাতনের কারণে এর আগেও তিনি উচ্চ আদালতে অভিযোগ করেন।

স্ত্রী হোসেন আরা অভিযোগে আরো জানান, প্রসিকিউটর সুলতান মাহমুদের ক্রমাগত হত্যার হুমকির কারণে তিনি আতঙ্কে রয়েছেন।

এদিকে সুপ্রিম কোর্টের দারোয়ান মাঈন উদ্দিনকে গানম্যান দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে সুলতান মাহমুদের বিরুদ্ধে। জানা যায়, ২৬ অক্টোবর বিকেলে প্রসিকিউটর সুলতান মাহমুদ লিফটে উঠার সময় সুপ্রিম কোর্টের নিরাপত্তা প্রহরী মাঈন উদ্দিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ তার গ্যানম্যানকে দিয়ে প্রহরী মাঈন উদ্দিনকে ধরে এনে ব্যাপক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

অভিযোগের বিষয়ে প্রসিকিউটর সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো বানানো এবং মিথ্যা।

এছাড়া তার বিরুদ্ধে প্রসিকিউশনের অনুমতি ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোপনীয় নথিপত্র বিভিন্ন জায়গায় সরবরাহের অভিযোগ রয়েছে।

এর আগে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন বিএম সুলতান মাহমুদ।