Image description
 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের সরঞ্জাম রাখা এবং দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর চাকু দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

আটক হওয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী এবং বিজয় ৭১ হলের আবাসিক ছাত্র হিসেবে দাবি করেছেন। 

তিনি জানান, ইফতারের পর সোহরাওয়ার্দী উদ্যানে বন্ধু ও ছোট ভাইদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাকে আটক করে।পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমার কাছে কোনো চাকু ছিল না। আমি কাউকে আঘাত করিনি।’ 

এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমান হোসেনসহ আরও কয়েকজন শিক্ষার্থীও সেখানে বসা ছিলেন বলেও তিনি দাবি করেন।

এদিকে অভিযানে থাকা পুলিশ সদস্যরা জানান, আটককৃত শিক্ষার্থীর কাছে মাদক সেবনের সরঞ্জামসহ একটি ধারালো চাকু পাওয়া যায়। পুলিশ যখন তাকে তল্লাশি করতে যায়, তখন তিনি ওই চাকু দিয়ে পুলিশ সদস্যদের চোখের ওপর হামলা চালান।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বেশ কয়েকজনকে মাদকসহ আটক করি। সেখানে ঢাবি শিক্ষার্থী পরিচয়ে একজন আমাদের একজন পুলিশ সদস্যের ওপর ছোট চাকু দিয়ে হামলা করে। এতে করে ওই পুলিশ সদস্যের অল্পের জন্য চোখের আঘাত থেকে বেচেঁ গিয়েছে। 

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীর কাছে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি পেয়েছি। সে শাহবাগ থানায় আটক রয়েছে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।