আগামী ১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরই মধ্যে সরকারি দলীয় চিফ হুইপ কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। এছাড়া বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভার বাইরে রয়েছেন। তারা এখন স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পদে আলোচনায় রয়েছেন।
সরকারি দলীয় চিফ হুইপ পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা। দুজনই নোয়াখালীর বাসিন্দা। একজন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। অপরজন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ছয়বারের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি সফলতা দেখিয়েছিলেন। বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক। এ কারণে সরকারি দলীয় চিফ হুইপ পদে তার নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
অন্যদিকে পাঁচবারের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু ২০০১ সালে বিএনপি সরকারের আমলে বাণিজ্য উপদেষ্টা ছিলেন। এবারও মন্ত্রী হওয়ার বিষয়ে তার নাম আলোচনায় ছিল। কিন্তু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় এখন চিফ হুইপ পদে তার নাম বিবেচনা করা হচ্ছে। বুলু বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান। এর আগে তিনি যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।