Image description

নওগাঁর বদলগাছী উপজেলায় আওয়ামী লীগ ঘরানার চালের কার্ডধারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। উপজেলার মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, গত সোমবার মিঠাপুর ইউনিয়নের চারমাথা মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি ঘরোয়া বৈঠকে আনোয়ার হোসেন এই মন্তব্য করেন। ফাঁস হওয়া অডিওতে তাকে চালের ডিলারশিপ প্রাপ্তি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিতে শোনা যায়।

 

রেকর্ডটিতে আনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগের যারা চালের কার্ডধারী আছে, তাদের খাতায় সই কমপ্লিট করাবেন। টাকা হাতে নিয়ে বলবেন—যা, তোরা বাড়িতে যা। ব্লেম (দোষ) দেওয়ার বুদ্ধি যেন কারও না থাকে।’

 

বক্তব্যের একপর্যায়ে তিনি অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

 

 

এই ঘটনা জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় বিএনপি নেতৃত্ব। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং অভিযুক্ত নেতার সঙ্গে ইতোমধ্যে কথা বলা হয়েছে।

 

তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের কোনো প্রশ্রয় দেওয়া হবে না।