Image description

দেশের যেসব কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে এখনও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানের তালিকা তলব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)। আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৫ মার্চের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্য ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারির মধ্যে সব কলেজ, স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করার নির্দেশনা ছিল। নির্ধারিত এই সময়ের মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করতে পারেনি, তাদের জেলাওয়ারী তথ্য আগামী ৫ মার্চের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের এই তথ্য সংগ্রহ ও প্রেরণের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে একটি নির্দিষ্ট ছক অনুসরণ করে তথ্য পাঠাতে বলা হয়েছে। ছকে প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বর এবং মন্তব্য উল্লেখ করতে হবে।

 

মূলত, গত বছরের ১০ ডিসেম্বর জারি করা এক নির্দেশনার আলোকে গত জানুয়ারির মধ্যে বার্ষিক ক্রীড়া উৎসব শেষ করার কথা ছিল। কিন্তু অনেক প্রতিষ্ঠানে তা সম্পন্ন না হওয়ায় এখন কড়া অবস্থান নিয়েছে মাউশি।