Image description

পিরোজপুরের নাজিরপুর মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন অভিযুক্ত মুন্না।

 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নির্জন বাগানে এক নারীকে ধরে টানাটানি ও একাধিক চড়-থাপ্পড় দিচ্ছেন মুন্না। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করেন।

 

মারধরের কথা স্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বলেন, ‘ওই মেয়ে আমার স্ত্রী। একটি নির্জন স্থানে বসে আমার সঙ্গে কথা কাটাকাটি হলে একপর্যায়ে চড়-থাপ্পড় দিই।’

 

এদিকে নারীকে মারধর করার ভিডিও ছড়িয়ে পড়ার পর মুন্নাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুন্নাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।