Image description

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস থেকে পাবলিক টয়লেট লেখা সাইন বোর্ড উধাও হয়ে গেছে। 

 

বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের লাগানো পাবলিক টয়লেটের সাইন বোর্ডটি সরিয়ে ফেলেছে। তবে কে বা কারা সাইন বোর্ডটি সরিয়ে ফেলেছে, তা তথ্য কেউ জানাতে পারেনি।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারি উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়ে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় কতিপয় আওয়ামী লীগ নেতাকর্মী।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও ভাষা শহীদদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম ও বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।

এরপর থেকে বিষয়টি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।

এমন ঘটনা ছড়িয়ে পড়ায় বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি শাহরিয়ার সুমন আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেন। শনিবার বিকালে উপজেলা গণঅধিকার পরিষদ বগারচর আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা অপসারণ করে আওয়ামী লীগ অফিসের সামনে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সাইন বোর্ড অপসারণ করে আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা দিয়ে পাবলিক টয়লেটের সাইন বোর্ড ঝুলিয়ে দেন।

২২ ফেব্রুয়ারি রোববার সকালে সরেজমিন দেখা গেছে, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের ভাঙাচোরা পরিত্যক্ত অফিসে পাবলিক টয়লেট লেখা সাইন বোর্ডটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, গণঅধিকার পরিষদের কর্মীরা বিকালে সাইন বোর্ড ঝুলিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার পরই কতিপয় লোকজন সরিয়ে ফেলেছেন।