বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রাজনীতিবিদ গরিব হলে লাভ হবে না। কোন গরিব? চিন্তায় গরিব, হৃদয়ে গরিব। আমার নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন ‘রাজনীতিবিদের কলিজা থাকতে হবে সিনার বাইরে আড়াই ইঞ্চি’। এত ছোট হয়ে আমরা যদি রাজনীতি করি তাহলে কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এমপি নিজান বলেন, কালো-সাদা দ্বন্দ্ব, হিন্দু-মুসলমানের দ্বন্দ্ব- এগুলো কিন্তু যুগ যুগ ধরে রাজনীতিবিদরা গড়েছেন স্বার্থের জন্য, সুযোগের জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যত নতুন দিন আসতেছে, সময় আসছে, তত বেশি জটিলতা বাড়ছে। কারণ আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে। যিনি যত বড় ধার্মিক তিনি তত বড় সৎ। কারণ কোনো ধর্মেই অসত্যের কথা নেই।
তিনি বলেন, আমরা ভোটের দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করব, ভোটের পরদিন থেকে আমরা একজন আরেকজনকে বন্ধু হিসেবে নিতে পারি। বিরোধী দলই পারে সরকার দলকে ঠিক রাখতে। আপনারা যদি পজিটিভ পলিটিক্স করেন, তখন দেখবেন সরকার দল পজিটিভ পলিটিক্স করতে বাধ্য হবে।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেডএম ফারুকী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ।