Image description

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ছুরির ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনার আটদিন পর ছুরিসহ ছিনতাইকারি সোহান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোহান আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের শাহীন মিয়ার ছেলে । তার বিরুদ্ধে থানায় আগের আরো চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।

পরে তাকে পাঁচদিনের রিমান্ড আবেদন করে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে। 

 

রেলওয়ে পুলিশ জানায়, সম্পদের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, প্লাটফর্ম নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে রেলওয়ে স্টেশনস্থ ওয়াশফিডের উপরে অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিসহ সোহান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকা জব্দ করা হয়।

 

 

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, সোহান তার অপরাপর সঙ্গী ও ছিনতাকারীদেরর সাথে মিলিতভাবে গত ১২ ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে আখাউড়া  রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষমান জসীম উদ্দিন নামে এক ব্যক্তিকে ছুরির ভয় দেখিয়ে নগদ ৩৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাই করে। তার সঙ্গে উদয় নামে আরেক  ছিনতাইকারি এখনও পলাতক রয়েছে। 

এ ঘটনায় ভুক্তেভোগী জসিন উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন। জসিন উদ্দিন কুমিল্লার বাঙ্গুরা বাজার এলাকার বাসিন্দা।