Image description

শিল্পাঞ্চল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখল নিতে অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ায় জামগড়া-বাগবাড়ি রোডের পাকার মাথা এলাকায় মাদবর ইন্টারনেট নামক ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে ওই অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে অভিযুক্তরা।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফ মাদবরের বাড়ির ভাড়াটিয়া নিরবের পরিচালিত মাদবর ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

হামলাকারীরা এসময় ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে ভাঙচুর ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

 

ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী নিরব অভিযোগ করেন, হামলাকারীরা তার প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম ও নেটওয়ার্ক সামগ্রী লুটপাট করেছে। স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান ও তার লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

তবে অভিযুক্ত আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, আমিও শুনেছি ইন্টারনেট ব্যবসা দখল নিয়ে হামলা হয়েছে এবং আমার লোকজনের বিরুদ্ধে ওই হামলার দোষ দেওয়া হচ্ছে।

আমি বিষয়টি খোঁজ নিয়ে সমাধানের চেষ্টা করছি।

 

স্থানীয়রা অভিযোগ করেন, আশুলিয়ায় একের পর এক নেট ব্যবসা ও ঝুট ব্যবসা নিয়ে গোলাগুলি ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব‌ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রশাসনের নিরবতায় দিন দিন সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, সন্ত্রাসী হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।