Image description

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন রূপকথার গল্পই লিখছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর সেই গল্পে অন্যতম সেরা চরিত্র হলো ওপেনার ব্রায়ান বেনেট। গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিন ইনিংসে ব্যাট করেছেন তিনি। ব্যাট হাতে রান করেছেন ১৭৫। অবিশ্বাস্য হলেও সত্য, একবারও আউট হননি এই ওপেনিং ব্যাটার।

 

চলতি আসরে ১০০ রানের বেশি করেও আউট না হওয়া একমাত্র ব্যাটার বেনেট। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এখনো একটি ছক্কাও মারেননি তিনি। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত অর্ধশতকে জিম্বাবুয়েকে জয়ে নেতৃত্ব দেন বেনেট। আয়ারল্যান্ডের বিপক্ষে করেন অপ্রতিরোধ্য ৪৮ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে অপরাজিত ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৬৩ রানের অপ্রতিরোধ্য ইনিংস।

যেখানে বিশ্বকাপে ভারতের ইশান কিষাণ, পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কারা আলো কাড়ছেন, সেখানে নীরবে দলকে এগিয়ে নিচ্ছেন বেনেট। তার দৃঢ়তায় আক্রমণাত্মক খেলতে পারছেন সঙ্গীরাও। ওপেনিং সঙ্গী মারুমানি খেলছেন ১৫৫ স্ট্রাইক রেটে। অধিনায়ক সিকান্দার রাজাও খেলছেন প্রায় ১৮৩ স্ট্রাইক রেটে। তবে সুপার এইটে উঠতে বেনেটের ধারাবাহিকতাই জিম্বাবুয়ের সবচেয়ে বড় শক্তি।

 

গ্রুপপর্বে অপরাজিত থেকেই সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে। ৪ ম্যাচের মধ্যে জিতেছে তিনটিতেই। অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে অস্ট্রেলিয়া। তাদের গ্রুপে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান শ্রীলঙ্কার। তিনে রয়েছে অস্ট্রেলিয়া। আর চারে আয়ারল্যান্ড ও পাঁচে অবস্থান ওমানের।