Image description

বিপিএল শেষ হওয়ার মাস পেরিয়ে গেলেও এখনো পারিশ্রমিক জটিলতায় ভুগছেন ক্রিকেটাররা। গতকাল চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে এমনটাই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

 

তিনি জানান, ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্সের ক্রিকেটাররা এখনো পুরো পারিশ্রমিক বুঝে পাননি। দল দুটির দেওয়া ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দিবে বিসিবি।

গতকাল বিসিবি কার্যালয়ে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয় বিসিবি। বিপিএল শুরুর আগের দিন মালিকানা ছেড়ে দেওয়ায় দলটির দায়িত্ব নেয় বিসিবি। এদিকে বাকি দলগুলোর পারিশ্রমিকের ব্যাপারে ইফতেখার রহমান মিঠু জানান, রাজশাহী ওয়ারিয়র্স শতভাগ পারিশ্রমিক দিয়েছে।

রংপুর রাইডার্স ইতোমধ্যে ৭৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে। নোয়াখালীর দুই কোটি টাকার পে অর্ডার ভাঙিয়ে ক্রিকেটারদের ১ কোটি ৭৫ লাখ টাকা পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। ঢাকা ও সিলেটের ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে দেওয়া হবে এই দুই দলের ক্রিকেটারদের পারিশ্রমিক।