Image description
 

পঞ্চগড়ের বোদায় টিসিবির ভোজ্যতেলের বোতলে তেলের বদলে পানিভর্তি পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালানটি গ্রহণ না করে ফেরত পাঠায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন এলএসডি গুদামে একটি ট্রাক থেকে পণ্য খালাসের সময় এ ঘটনা ধরা পড়ে। যা এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আমদানি ও সরবরাহকৃত পণ্য পরিবহনের দায়িত্বে রয়েছেন মেসার্স আনোয়ারা ট্রেডার্স। এ ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর সাতখামার খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়। বুধবার বিকেলে এক ট্রাকে মালামাল পাঠানো হয়। ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে বোদা উপজেলা এলএসডি গুদামে পণ্য সরবরাহের জন্য আসে। গুদামে পণ্য আনলোড করার সময় শ্রমিকদের কাছে একটি কার্টুন অস্বাভাবিক ভারী মনে হলে সন্দেহের সৃষ্টি হয়। পরে কার্টুন খুলে দেখা যায়, ভেতরে টিসিবির স্টিকারযুক্ত নয়টি বোতলে তেলের পরিবর্তে পানি ভরা।

বোদা উপজেলা টিসিবির প্রতিনিধি শিবু বলেন, বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে জানানো হলে তারা অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে ট্রাকচালক মইনুল ইসলাম দাবি করেন, তিনি দিনাজপুরের কাহারোল গুদাম থেকে পণ্যবোঝাই করে দেবীগঞ্জ ও বোদায় পৌঁছে দিয়েছেন।

সাতখামার খাদ্য নিয়ন্ত্রক অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, টিসিবির পণ্যবাহী ট্রাকের চালান অনুযায়ী গ্রহণ করা হলেও আনলোডের সময় এ অনিয়ম ধরা পড়ে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ট্রাকটি জব্দ রাখা হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।