ময়মনসিংহের তারাকান্দায় আগুনে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা টাঙিয়ে স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকার শহীদ মিনারের সামনে অবস্থিত ভাঙা-পোড়া কার্যালয়ে ১০ সদস্যের একটি দল ঢুকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের তারাকান্দা উপজেলা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় জনতা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি দল কার্যালয়ে ঢুকে দেয়ালের এক পাশে দলীয় পতাকা, মাঝে জাতীয় পতাকা এবং অন্য পাশে ‘তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়। পরে আরেকটি জাতীয় পতাকা সামনে রেখে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়।
ভিডিওতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলার যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরীকে সঞ্চালনা করতে দেখা যায়। বক্তব্যে তিনি বলেন, দলীয় নির্দেশনার ভিত্তিতে নেতাকর্মীদের কার্যালয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাতার হোসেন তালুকদার জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে পরে জানাবেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আগের মতোই কার্যালয়টি পরিত্যক্ত থাকবে এবং সেখানে কাউকে আসতে দেওয়া হবে না। যারা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছিল তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’