Image description

গোল করার পর দুই হাত প্রসারিত করলেন মেসুত ওজিল। ছুটে এসে তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন তরুণ সতীর্থরা।

ওজিলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই মুহূর্তটি আজীবন মনে থাকার কথা তাদের। কারণ, সতীর্থদের সবাই অপেশাদার ফুটবলার।

 

কক্সবাজারে আজ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফরে গিয়ে সেখানেই তাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে গোল করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার ওজিল। পবিত্র রমজান মাসের প্রথম দিনেই তিনি শরণার্থীদের সঙ্গে ইফতার করেছেন। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হিসেবে শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন ওজিল। তাদের সঙ্গে আছে ১১ সদস্যের প্রতিনিধিদল।

 

 

রোহিঙ্গা ক্যাম্পে চলমান শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের পর বিকেলে মেসুত ওজিল ৪ নং ক্যাম্পের মাঠে মংডু ও বুথিডংয়ের মধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করেন। ম্যাচের একপর্যায়ে তিনি নিজেই মাঠে নেমে যান এবং গোল করেন। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। 

সন্ধ্যায় তুরস্ক সরকারের সহযোগী সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) পরিচালিত কিচেন সেন্টারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার সারেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা ওজিলসহ তুরস্কের প্রতিনিধিদল।

 

প্রসঙ্গত, টিকার একটি প্রকল্পের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মর্তুজা মেডিক্যাল সেন্টারের আধুনিকায়নের কাজ চলছে এবং সেই প্রকল্পে ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা দিয়েছে তুর্কি সরকার। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকল্পটির উদ্বোধনে অংশ নেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল।