Image description
 

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা জমাদ্দার স্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পৌনে ৫টায় জাজিরা উপজেলার নাওডোবার কালু বেপারি কান্দি আন্ডারপাসের উপর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ সরদার গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি এলাকার বাহারুল সরদারের ছেলে ও ইউনুস মোল্লা গোপালগঞ্জ সদরের বাসিন্দা। তাদের একজন স্টার এক্সপ্রেস পরিবহনের চালকের সহকারী ও আরেকজন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

 

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহন নামের একটি বাস জমাদ্দার স্ট্যান্ডে আন্ডারপাসের ওপরে এক্সপ্রেস সড়কের পাশে যাত্রী উঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ভাঙ্গাগামী স্টার এক্সপ্রেস নামের অপর একটি বাস সজোরে পেছন থেকে খান পরিবহন বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারাত্মক দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

 

নাওডোবা এলাকার একাধিক ব্যক্তি জানান, এক্সপ্রেস সড়কে নিয়ম অমান্য করে যাত্রী ওঠানামা করানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া বাস ড্রাইভারগুলো বেশি টাকা আয় করার নেশায় যেখানে সেখানে বাস থামিয়ে লোকজন উঠায়, এ কারণে আগেও এ জায়গায় অনেক দুর্ঘটনা ঘটেছে। আন্ডারপাসের ওপর বাস থামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বড় ধরনের প্রাণহানির শঙ্কা থাকে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শাহ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

কালবেলা