ফ্রান্সে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে বুধবার (১৮ ফেব্রুয়ারি)। ফরাসি মুসলিম কাউন্সিল Conseil français du culte musulman (সিএফসিএম) আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এ ঘোষণা দিয়েছে।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশজুড়ে মুসলমানরা পবিত্র তারাবি নামাজ আদায় করবেন। মাহে রমজান উপলক্ষ্যে সিএফসিএম ফ্রান্সে বসবাসরত মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস হিসেবে পরিগণিত। এ মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, দাম্পত্য সম্পর্ক এবং যাবতীয় পাপকাজ থেকে বিরত থেকে সিয়াম সাধনা পালন করেন মুসলমানরা। রহমত, বরকত ও মাগফিরাতের এই মাসে মহান আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ মাফের বিশেষ সুযোগ রয়েছে বলে ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন।
এ বছর ফ্রান্সে ফিতরার পরিমাণ জনপ্রতি ৯ ইউরো নির্ধারণ করেছে সিএফসিএম।
পবিত্র রমজানকে ঘিরে ইতোমধ্যে দেশটির বিভিন্ন মসজিদ, ইসলামিক কেন্দ্র ও সামাজিক সংগঠন নানা প্রস্তুতি গ্রহণ করেছে।