Image description

অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে শতাধিক নেতাকর্মী নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. ময়নুল হাসান সাদিক। এ সময় সেখানে বিক্ষোভ করেন তার সঙ্গে থাকা নেতাকর্মীরা।

 

এর আগে পরাজিত হয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডা. ময়নুল হাসান সাদিক। এর দুদিন পরেই মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি।

 

এ সময় বাইরে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারা ভোটের ফলাফল বর্জনের দাবিও তোলেন। বিক্ষোভে পরিবেশ কিছুটা উত্তপ্ত হলে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা পরিস্থিতি শান্ত করেন।

 

স্মারকলিপি জমা দেওয়ার পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে ডা. ময়নুল হাসান সাদিক বলেন, নির্বাচনের দিন বহু অনিয়ম ঘটেছে, বেশ কয়েকটি কেন্দ্র দখল হয় এবং জালভোট ও ফলাফল প্রভাবিত করা হয়েছে। তাই সুষ্ঠু ফলাফল নিশ্চিত করতে ভোট পুনর্গণনা জরুরি।

 

গাইবান্ধা-৩ আসনে বিএনপির প্রার্থী ডা. সাদিক পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট। এই আসনে বিজয়ী ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন।