ভোলার বোরহানউদ্দিনে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার উদায়পুর রাস্তার মাথা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন মো. শাহাদাত ও মো. হাবিবুল্লাহ। তারা দুজনই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তাদের মধ্যে শাহাদাত বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি ও হাবিবুল্লাহ একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি।
আহত শাহাদাত জানান, সকালের দিকে হাবিবুল্লাহ পক্ষিয়া ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ভোটার স্লিপ বিতরণ করে উদায়পুর এলাকায় আসছিলেন। রাস্তায় একা পেয়ে একই ইউনিয়নের শ্রমিক দলের নেতা শামীম, মাসুদসহ কৃষক দলের ১৫/২০ জন হাবিবুল্লাহকে মারধর করেন। এ সময় তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা শাহাদাতের ওপরও হামলা চালান। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
তবে এ ব্যাপারে অভিযুক্ত মো. শামীমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খোঁজ নিচ্ছি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।