কুমিল্লা-১১ আসনের বিএনপির প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা বলেছেন, জামায়াতের জান্নাতের টিকিট নামে ধোঁকাবাজি মানুষ বুঝে গেছে। চৌদ্দগ্রাম মানুষ অনেক সচেতন। জামায়াত মা-বোনদের কাছে গিয়ে প্রথমে জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়ে ধরা খেয়ে, এখন তাদের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র নিচ্ছে। তারা আইডি কার্ডের ছবি পরিবর্তন করে তাদের লোকজনের ছবি লাগিয়ে ডিজিটাল প্রতারণার আশ্রয় নেবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কামারুল হুদা বলেন, ক্ষমতায় এলে তারেক রহমান দেশ পরিকল্পনা ফ্যামলি কার্ড, কৃষক কার্ড, ভাতা কার্ড চালু করবে। আর জামায়াতের আছে সন্ত্রাসের পরিকল্পনা। দেশ নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবা ভাতা প্রথম চালু করেছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহির্বিশ্বে দেশের অপ্রচলিত গার্মেন্টস শিল্প, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ করেছিলেন। তিনি বেকার সমস্যা সমাধানে বিদেশে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি গাজী কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সলিমুল্লাহ টিপু, আলী আশ্রাফ, সাংগঠনিক সম্পাদক নুরু নবী পাটোয়ারী নুরু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবারের সহ সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন মাহিন প্রমুখ।